সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ভারত সফর বাতিল করলেন শাকিরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৬:০৪ এএম
বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা
expand
বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা

দীর্ঘ বিরতির পর ভারতের মঞ্চে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

নিরাপত্তা উদ্বেগের কারণে নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন বিশ্বখ্যাত লাতিন পপ তারকা শাকিরা। এতে তার ভারতীয় ভক্তদের মধ্যে হতাশা নেমে এসেছে।

২০০৭ সালের পর এই প্রথম ভারতের দর্শকদের সামনে পারফর্ম করার প্রস্তুতি নিয়েছিলেন শাকিরা। তার এই সফরকে ঘিরে ভক্তদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা দিয়েছিল।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১০ ও ১৫ এপ্রিল তার দুটি শো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে দর্শক চাহিদা বাড়ায় ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে আরও একটি অতিরিক্ত শো যুক্ত করা হয়। পাশাপাশি দিল্লিতেও একটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল।

কনসার্টগুলোর টিকিটের দাম সাধারণ শ্রেণিতে ৬ হাজার টাকা থেকে শুরু হয়ে ভিআইপি ক্যাটাগরিতে লাখ টাকার ঘর পর্যন্ত পৌঁছায়। প্রিয় শিল্পীকে সরাসরি দেখার আশায় অনেক ভক্ত আগেভাগেই টিকিট সংগ্রহ করেছিলেন। কেউ কেউ বিমান টিকিট ও হোটেল বুকিংও সম্পন্ন করে ফেলেছিলেন।

কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিলের ঘোষণায় সেই উচ্ছ্বাসে ভাটা পড়ে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিম এশিয়াজুড়ে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষ্য, শিল্পী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

এদিকে যারা আগেই টিকিট কিনেছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছে। আয়োজকরা বলেছেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ক্রেতাদের অর্থ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তবে নতুন করে এই কনসার্ট কবে আয়োজন করা হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। ফলে শাকিরার ভারতীয় ভক্তদের আরও অপেক্ষা করতে হবে তার সরাসরি পারফরম্যান্স দেখার জন্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন