

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অবস্থিত ‘কামরাঙ্গা’ নামক বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। রাতের আধারে চোরেরা বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে অভিনেতা ফজলুর রহমান বাবু কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে (২৪ আগস্ট) বাড়িটিতে বেড়াতে এসে চুরির বিষয়টি দেখতে পান এই অভিনেতা। পরে থানা পুলিশকে অবগত করেন।
থানায় সাধারণ ডায়েরি ও পরিবার সূত্রে জানা গেছে, পুরো পরিবার নিয়ে ঢাকায় বসবাস করলেও মাঝেমধ্যেই ফরিদপুর শহরের এই বাড়িতে ছুটে আসেন। কামরাঙ্গা নামক এই বাসভবনের চারদিকে দেয়ালের প্রাচীর রয়েছে এবং ভেতরে একটি দোতলা ভবনসহ বাগানও রয়েছে।
ফজলুর রহমান বাবু জানান, এটি আমার জন্মস্থান, মাঝে মধ্যেই ছুটে আসি। মাসে দুই-একবার আসা হয়। গত ২০ থেকে ২৫ দিন আগেও এসেছিলাম, দুই দিন থেকে পুনরায় ঢাকায় চলে যাই। সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে এসে লাইট জ্বালাতে গিয়ে দেখি জ্বলছে না। পরে বাইরে গিয়ে দেখি বিদ্যুতের মেইন লাইনের তার নেই। ছাদে গিয়ে দেখি এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা বেশ কিছু মালামালও নেই।
তিনি আরও জানান, সম্প্রতি এসব চোরের উপদ্রব বেড়ে গিয়েছে, যা দুঃখজনক। আর যারা চুরি করছে তারা মূলত মাদকসেবী; নেশার টাকা যোগানের জন্য বিভিন্ন বাসা বাড়িতে চুরি করে থাকে। আইনশৃঙ্খলার এই অবনতিতে আমরা শঙ্কিত।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিনেতা ফজলুর রহমান বাবু নিজে থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


