সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার গল্পে রাশেদ-অহনার ‘দুর্নাম’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম
expand
প্রতারণার গল্পে রাশেদ-অহনার ‘দুর্নাম’

ভিন্ন ধাঁচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান। এই জুটি একের পর এক চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করছেন। তেমনি একটি নাটক ‘দুর্নাম’।

জান্নাতুল ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘দুর্নাম’। প্রেমিক স্বপনের সঙ্গে গ্রাম থেকে পালিয়ে শহরে এসেছে চাঁদনি। স্বপন তাকে বিয়ে করবে বলে ঢাকায় এনে এক পতিতালয়ে বিক্রি করে দেয়। সেখান থেকে রাতের আধারে পালিয়ে যায় চাঁদনি। সে এই শহরের কিছুই চেনে না। এই শহরে তার কেউ নেই। তার পেছনে কিছু লোক তাকে খোঁজার জন্য আসছে। সাহিদ কী করবে বুঝতে পারে না। এভাবে একটি অসহায় মেয়েকে সে কীভাবে রাস্তায় ফেলে যাবে! তাই সে বাধ্য হয়ে চাঁদনিকে তার বাসায় নিয়ে যায় এবং এক রাতের জন্য তাকে আশ্রয় দেয়।

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তাঁর অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের একটি মেয়ের প্রেমিকের হাত ধরে ঢাকায় পালিয়ে এসে প্রতারণার শিকার হওয়ার কাহিনি এটি। এ নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন, তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পাই। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।’

অহনা বলেন, ‘নাটকে আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। এটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

রাশেদ-অহনা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন পারিসা জান্নাত, নুরে আলিফ, সাবিনা ররি, সুমন আহমেদ বাবু, আয়মান শুভ প্রমুখ। সোমবার বিকেল ৩টায় আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন