সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় ফেঁসে গেলেন জ্যাকলিন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৬, ০৩:৩৯ পিএম
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও  সুকেশ চন্দ্রশেখর
expand
অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর

দিল্লির তিহার জেল থেকে ২০০ কোটি রুপি হাতিয়ে নেওয়া সুকেশ চন্দ্রশেখরের আলোচিত মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের আইনি জটিলতা আরও বাড়ল। দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট সম্প্রতি জ্যাকলিন এবং মূল অভিযুক্ত সুকেশসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠনের নির্দেশ দিয়েছেন।

মামলার নথি ও তথ্য-প্রমাণ যাচাই করে অতিরিক্ত সেশনস বিচারক প্রশান্ত শর্মা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। আগামী ৩ জুন এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। সুকেশের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের পাশাপাশি কঠোর ‘মকোকা’ (MCOCA) আইনের আওতায় অভিযোগ আনা হচ্ছে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) দাবি, সুকেশের অন্ধকার জগতের খবর জানা সত্ত্বেও জ্যাকলিন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন এবং অবৈধ অর্থের বিনিময়ে কেনা দামি উপহার লুফে নিয়েছেন।

যদিও শুরু থেকেই জ্যাকলিন নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তার পাল্টা দাবি- তিনি কোনো অপরাধের কথা জানতেন না, বরং সুকেশ নিজেই পরিচয় লুকিয়ে তাকে প্রতারণার জালে ফাঁসিয়েছেন।

উল্লেখ্য, তিহার জেলে বন্দি থাকা অবস্থায় সুকেশ নিজেকে বড় সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে র্যানব্যাক্সি-র প্রাক্তন কর্তার স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে ২০০ কোটি রুপি আত্মসাৎ করেন। এই তদন্তেই ফেঁসে যান জ্যাকলিন। নিজেকে বাঁচাতে কিছুদিন আগে তিনি ‘রাজসাক্ষী’ হওয়ার আবেদন করলেও ইডি তা নাকচ করে দেয়। আদালতের এই সাম্প্রতিক আদেশের পর মামলাটি এখন আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন