

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডের গ্ল্যামারাস কুইন ক্যাটরিনা কাইফ অভিনয় দক্ষতার পাশাপাশি নাচেও নিজের এক অনন্য পরিচিতি গড়ে তুলেছেন। ‘শীলা কী জওয়ানি’, ‘চিকনি চমেলি’ কিংবা ‘কালা চশমা’-র মতো জনপ্রিয় গানগুলোতে তার অনবদ্য পারফরম্যান্স আজও দর্শকের মনে দাগ কেটে আছে।
তবে রূপালি পর্দার এই সাফল্যের পেছনে রয়েছে এক দীর্ঘ ও কঠিন সংগ্রামের ইতিহাস, যা সম্প্রতি এক পডকাস্টে উন্মোচন করেছেন প্রখ্যাত কোরিয়োগ্রাফার ফারাহ খান এবং বস্কো মার্টিস।
ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে নাচ নিয়ে তাকে চরম অপমানের মুখে পড়তে হয়েছিল। বস্কো জানান, কঠোর পরিশ্রম করার পরও এক কোরিয়োগ্রাফার ক্যাটরিনাকে সরাসরি বলেছিলেন, নাচে তিনি একেবারে ‘শূন্য’ এবং তার এই পেশা ছেড়ে দেওয়া উচিত। এই কটূক্তি অভিনেত্রীকে মানসিকভাবে প্রভাবিত করলেও পরবর্তীতে তা তার জেদ ও ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে।
ফারাহ খান জানান, ‘টাচ মি’ বা ‘জাস্ট চিল’ গানে কাজ করলেও তখনো ক্যাটরিনা ভালো নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিলেন না। তবে অত্যন্ত কম বাজেটে এবং মাত্র ১০ জন ব্যাকআপ ডান্সার নিয়ে তৈরি ‘শীলা কী জওয়ানী’ গানটি ক্যাটরিনার ক্যারিয়ারে ঐতিহাসিক মোড় এনে দেয়।
ফারাহ জানান, সে সময় ক্যাটরিনাকে হয়তো চার বা পাঁচ নম্বর দেওয়া যেত, কিন্তু এই গানটির পর তার নাচের দক্ষতার আমূল পরিবর্তন ঘটে। বস্কোও অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তাকে বুঝিয়েছিলেন যে তার ভেতর নাচ করার সহজাত ক্ষমতা রয়েছে, কেবল সঠিক প্রশিক্ষণের প্রয়োজন- যা ক্যাটরিনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এদিকে গত দুই বছর ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দিয়ে বর্তমানে তিনি মাতৃত্বের সময় উপভোগ করছেন। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পায় ২০২৪ সালে, যেখানে বিজয় সেতুপতির সঙ্গে তার অভিনয় বক্স অফিসে বড় সাফল্য না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে দারুণ প্রশংসিত হয়েছিল।



