রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫০ পিএম আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম
নেপাল থেকে ফিরে অপু বিশ্বাস
expand
নেপাল থেকে ফিরে অপু বিশ্বাস

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবল থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। 'শিকার' নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে তিনি সেখানে অবস্থান করছিলেন।

দুর্যোগে মৃতের সংখ্যা প্রায় হাজারের কাছাকাছি পৌঁছানো এবং সার্বিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে ওঠায় গতকাল শুটিং স্থগিত রেখে ঢাকায় ফেরেন তিনি।

অপু বিশ্বাস জানান, ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে শুটিং টিমের সেই একই পথ ধরে যাওয়ার কথা ছিল একদিন পর, ২৭ আগস্ট।

যাত্রার তারিখ একদিন পর হওয়ায় তারা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। পরবর্তীতে ভয়াবহতার কারণে স্থানীয় প্রশাসন উক্ত পথটি পরবর্তী ১৫ থেকে ২০ দিনের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।

ভয়াবহ এমন দুর্যোগের মুখে কাজের পরিবেশ না থাকাকেই শুটিং স্থগিতের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন এই অভিনেত্রী।

তার মতে, মানুষের এমন চরম দুর্ভোগ ও প্রাণহানির মধ্যে গানের দৃশ্যধারণ করা অমানবিক। তাই পুরো টিমের সম্মতিক্রমে কাজটি স্থগিত রেখে দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত এলাকায় প্রায় ২৭টি দেশের পর্যটক আটকা পড়েছিলেন। স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, প্রায় ৯ মাস আগেই এই দুর্যোগের পূর্বাভাস দেওয়া হলেও তা উপেক্ষিত হয়েছিল এবং চলতি সপ্তাহের মধ্যেই আবারও দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সার্বিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় প্রশাসন সব বিদেশী পর্যটকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়।

দুশ্চিন্তার দিনগুলোতে পাশে থাকার জন্য তিনি অনুরাগী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সবার এমন উদগ্রীব খোঁজখবর নেওয়ার পর থেকে তিনি দেশবাসীর ভালোবাসাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন