

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সিনেমায় শতকোটি রুপির মাইলফলক ছুঁলেন বলিউড তারকা ইমরান হাশমি। পুরোনো সব রেকর্ড ভেঙে দিল তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’। মুক্তির মাত্র পাঁচ দিনের মাথায় ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি রুপির নেট আয়ের গণ্ডি পেরিয়েছে। আর বৈশ্বিক কালেকশন ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। অভাবনীয় এক নতুন মাইলফলক যুক্ত হলো তার ক্যারিয়ারে।
ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, একক নায়ক হিসেবে এটাই ইমরান হাশমির প্রথম ১০০ কোটি রুপি আয়ের ক্লাব ছোঁয়া সিনেমা। শুধু বক্স অফিসই নয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে ‘আওয়ারাপন ২’।
সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও কাজের দিনগুলোতেও দর্শকের সাড়া ছিল চোখে পড়ার মতো। কেবল দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও তাণ্ডব চালাচ্ছেন ইমরান। ভারতের বাইরে পাঁচ দিনে সিনেমাটির গ্রস আয় ১৫০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।
বলিউড অভিনেতা ইমরান হাশমি নব্বই বা দুই হাজারের দশকের শুরুতে তার বোল্ড অভিনয় এবং কিসিং সিনের জন্য ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পান। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তিনি ভিন্নধর্মী কাজের মাধ্যমে নিজের সেই ইমেজ পরিবর্তন করেছেন।
এর আগে ইমরান হাশমির একাধিক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। ২০০৭ সালে ব্যাপক জনপ্রিয় ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েলটি তার দীর্ঘ অভিনয় জীবনের অন্যতম সেরা এবং বড় বাণিজ্যিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, দর্শকদের আগ্রহ এবং দর্শকে ঠাসা প্রেক্ষাগৃহ দেখে মনে হচ্ছে, সপ্তাহান্তে আয় আরও বহুগুণ বেড়ে যাবে। সব মিলিয়ে পঞ্চম দিনেই ১০০ কোটির ঘরে পা রাখা ‘আওয়ারাপন ২’ এখন বলিউডের আলোচনার কেন্দ্রে।


