বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনয়ের পর এবার কনসার্টের মঞ্চ মাতাবেন অপূর্ব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৫ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার গায়ক হিসেবে সম্পূর্ণ নতুন এক পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নাটকে কিংবা ঘরোয়া আয়োজনে তাকে গান গাইতে দেখা গেলেও, এবারই প্রথম কোনো পূর্ণাঙ্গ একক কনসার্টে মঞ্চ মাতাবেন তিনি।

আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টে তিনি টানা প্রায় দুই ঘণ্টা সংগীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানে তার পছন্দের শিল্পীদের জনপ্রিয় ১০টি গানের পাশাপাশি নিজের কণ্ঠে গাওয়া নাটকের গানগুলোও পরিবেশন করার ইচ্ছা রয়েছে এই তারকার।

কনসার্টের ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের কাছ থেকে মিলছে অভূতপূর্ব সাড়া। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে অপূর্ব বলেন,

‘ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই যে পরিমাণ ভালোবাসা ও সাড়া পেয়েছি, তা কল্পনার বাইরে। দর্শকদের এই ভালোবাসাই পুরো আয়োজনটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে।’

যুক্তরাষ্ট্র থেকে দেওয়া এক সাক্ষাৎকারে অপূর্ব জানান, অভিনয় ছাড়াও গান গাওয়ার প্রতি তার দীর্ঘদিনের সুপ্ত ভালোবাসা রয়েছে।

বন্ধুদের আড্ডা ও ঘরোয়া আয়োজনে তিনি নিয়মিত গান গাইতেন, এমনকি তার অভিনীত বেশ কিছু নাটকেও তার নিজের কণ্ঠের গান রয়েছে।

সংগীতের এই সম্মানজনক সুযোগটি করে দেওয়ার জন্য তিনি আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারা অন্যান্য শিল্পীদেরও একইভাবে সম্মান জানিয়ে মঞ্চে তুলে ধরবেন।

আয়োজক সূত্র জানিয়েছে, সীমিত আসনসংখ্যার এই কনসার্টের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার (প্রায় ১২,৩০০ টাকা) এবং ৩০০ ডলার (প্রায় ৩৭,০০০ টাকা)।

বর্তমানে অপূর্ব গত কয়েক মাস ধরে পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ তার অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ‘হেডলাইন’ মুক্তি পেয়েছে, যেখানে তাকে ‘সাংবাদিক জহির’ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

অভিনয় জগতে পদার্পণ করার আগে অপূর্বের স্বপ্ন ছিল প্রকৌশলী হওয়া। তিনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছেন। সেই ছাত্রজীবনেই তার মধ্যে গানচর্চার প্রতি প্রবল অনুরাগ তৈরি হয়েছিল এবং তিনি পেশাদার সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন।

তবে শেষ পর্যন্ত অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন এবং বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ছোটপর্দার অন্যতম সফল ও জনপ্রিয় তারকা হিসেবে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন