শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর : শিবির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন
expand
ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করেন।

নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের এই বিজয় শুধু আমাদের নয়। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর। আমরা বিশ্বাস করি, প্রকৃত বিজয় তখনই হবে, যখন আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে পরবর্তী জাকসু নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারবো এবং শিক্ষার্থীরা আমাদের কাজকে স্বীকৃতি দেবে। আমাদের ভোট দিয়ে যারা আমাদের নির্বাচিত করেছেন, তাদের আস্থা আমরা যথাযথভাবে রক্ষা করতে পারব, সেই দিনই আমরা বলতে পারব যে সত্যিকারের বিজয় অর্জন করেছি।”

ফলাফলে দেখা গেছে, সহ-সভাপতি (ভিপি) পদে আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফ উল্লাহ পেয়েছেন ২,৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আরিফুজ্জামান উজ্জ্বল ১,২১১ ভোট এবং ছাত্রদল সমর্থিত মো. শেখ সাদি হাসান ৬৪৮ ভোট পেয়ে অবস্থান করেছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. মাজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১,২৩৮ ভোট এবং ছাত্রদল সমর্থিত তানজিলা হোসাইন বৈশাখী ৯৪১ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন