

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারের চেয়ে বেশি ব্যালট পাঠানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, শহীদ সালাম-বরকত হলে ভোটার সংখ্যা ২৯৩ জন হলেও সেখানে ৪০০ ব্যালট পেপার পাঠানো হয়েছে। ফলে ১০৭টি ব্যালট অতিরিক্ত এসেছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি বলে জানান তিনি।
আদিব আরও অভিযোগ করেন, ভোটার না হয়েও ছাত্রদলের একাধিক সাবেক শিক্ষার্থী ও নেতাকর্মী বিভিন্ন হলে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল সকাল ১০টার পর বহিরাগত কাউকে হলে পাওয়া গেলে গ্রেফতার করা হবে, তবে তা কার্যকর হয়নি বলেও দাবি করেন তিনি।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে শঙ্কা প্রকাশ করে আদিব বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে হলে দ্রুত কার্যকর পদক্ষেপ জরুরি।
একই ধরনের অভিযোগ করেছেন জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে ভোটারের সংখ্যা অপেক্ষা বেশি ব্যালট পাঠানো হয়েছে। যেমন ৫২২ জন ভোটার থাকলেও দেওয়া হয়েছে ৬০০ ব্যালট, ৩৯০ জন ভোটার থাকলেও পাঠানো হয়েছে ৪০০ ব্যালট। তাদের মতে, এসব অতিরিক্ত ব্যালট নির্বাচনকে অনিশ্চয়তা ও কারচুপির ঝুঁকিতে ফেলছে।
মাজহারুল বলেন, নির্বাচন কমিশন ছোট ছোট ত্রুটি এড়াতে ব্যর্থ হয়েছে, যা এখন বড় ধরনের প্রভাব ফেলছে। কমিশনের উচিত দ্রুত স্বচ্ছতা রক্ষায় ভূমিকা রাখা এবং অতিরিক্ত ব্যালটের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দেওয়া।
মন্তব্য করুন
