

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ঘনিয়ে আসায় নিরাপদ ও অংশগ্রহণমূলক ভোট পরিবেশ নিশ্চিত করতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ সাত দফা দাবি জানিয়েছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলটির নেতারা এসব দাবি উত্থাপন করেন।
প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, “নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরাপদ ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ক্যাম্পাসের নিরাপত্তা এখনো দুর্বল। বহিরাগতদের অবাধ চলাফেরা চলছে, যা উদ্বেগের বিষয়।”
তিনি আরও জানান, ক্যাম্পাসে স্থাপিত অধিকাংশ সিসিটিভি ক্যামেরা অকেজো অবস্থায় রয়েছে, যা দ্রুত মেরামত বা প্রতিস্থাপন করা জরুরি। একই সঙ্গে ভোটারদের আস্থা নিশ্চিত করতে অমোচনীয় কালির ব্যবহার ও পোলিং এজেন্ট অনুমোদন বিষয়ে স্পষ্টতা চাওয়া হয় প্রশাসনের কাছে।
রনি বলেন, “ভোটের দিন সকাল থেকে ফল ঘোষণার আগ পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শাটল ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়ানো এবং বাস সার্ভিস চালুর ব্যবস্থাও জরুরি।”
তিনি আরও যোগ করেন, “চাকসু নির্বাচনে সিনেট সদস্য বাছাইয়ের সুযোগ রাখা হয়নি, যা ছাত্র প্রতিনিধিত্বের পরিধি সীমিত করবে।”
সংবাদ সম্মেলনের শেষে প্যানেলটির পক্ষ থেকে বলা হয়, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ, স্বচ্ছ নির্বাচন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন।
মন্তব্য করুন