শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচন: প্রয়োজনে সেনাবাহিনী ৩ মিনিটে ক্যাম্পাসে প্রবেশ করবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
চাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন
expand
চাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন প্রতিটি ভবনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।

পাশাপাশি কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে— প্রয়োজনে তারা তিন মিনিটের মধ্যে ক্যাম্পাসে প্রবেশ করবে।

রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব তথ্য জানায়।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, নির্বাচনের দিন পাঁচটি ভবনের ১৫টি হলজুড়ে মোট ৬০টি ভোটকেন্দ্র থাকবে। ভোট গ্রহণ হবে ওএমআর পদ্ধতিতে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিটি ভবনের ডিন থাকবেন রিটার্নিং অফিসার হিসেবে, আর বিভাগীয় চেয়ারম্যানরা দায়িত্ব পালন করবেন প্রিজাইডিং অফিসার হিসেবে। ১৪ অক্টোবর থেকে বহিরাগতদের ক্যাম্পাসে অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

ট্রান্সপোর্ট ও নিরাপত্তা তদারকিতে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। দুটি প্রবেশপথে থাকবে নিয়মিত টহল, যেখানে পুলিশ, বিজিবি, এপিবিএন ও প্রক্টরিয়াল টিম যৌথভাবে কাজ করবে।

তিনি আরও জানান, ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় বাহিরের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, “প্রায় ৩৫ বছর পর আমরা চাকসু নির্বাচন আয়োজন করছি।

এটি বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক মুহূর্ত। নির্বাচন যেন স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়— সে লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন