মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও কি মুখোমুখি হচ্ছেন আসিফ-ইশরাক?

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ এএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইশরাক হোসেন
expand
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ইশরাক হোসেন

বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে ইশরাক লেখেন- ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হন ইশরাক। পরে তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এদিকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে নির্বাচন কমিশন ঈদের পর সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দেয়। এ পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকার দুটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকেরা সকলেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচনের জন্য দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হওয়ার কথা শোনা যাচ্ছে। ইশরাক হোসেনের পোস্টের পর এখন আলোচনা শুরু হয়েছে, তবে কি আবারও মুখোমুখি হতে যাচ্ছেন আসিফ ও ইশরাক?

ইশরাক হোসেন এর আগেও মেয়র নির্বাচন করেছেন। ২০২০ সালে অনুষ্ঠিত সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। অবশ্য সেই নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। তাপস নির্বাচিত হওয়ার পর ইশরাক সেই ফল প্রত্যাখ্যান করে আদালতে মামলাও করেছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো তাপসও দেশ ছেড়ে পালিয়ে যান। সে সময় মেয়র পদও শূন্য ঘোষণা করা হয়। পরে আদালত এক রায়ের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এ অনুযায়ী গেজেটও প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত আইনি জটিলতায় মেয়র হিসেবে দায়িত্ব শুরু করতে পারেননি ইশরাক।

সে সময় ইশরাকের সঙ্গে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ থেকে অংশ নেওয়ার জোর আলোচনায় থাকলেও শেষ পর্যায়ে এসে অংশ নেননি আসিফ মাহমুদ। পরবর্তীতে আসিফ মাহমুদ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X