রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসুতে ছাত্রশিবির প্যানেলের জোহার প্রচারণায় চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা
expand
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা

রাকসু নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা প্রচারণায় এনেছেন ভিন্নতা। কখনো পুলিশ আবার কখনো কৃষক সাজে দেখা যাচ্ছে তাকে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) চতুর্থ দিনের প্রচারণায় ভিন্ন সাজে দেখা যায় ‌‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র জাহিদ হাসান জোহাকে।

জানা যায়, রাকসু নির্বাচন ঘিরে প্রার্থীরা প্রচলিত মাইকিং, ব্যানার বা পোস্টারের বাইরে গিয়ে ভিন্নধর্মী কৌশলে প্রচারণায় নেমেছেন। কেউ লিফলেটকে টাকার নোট বা জমির দলিলের আকারে বানিয়েছেন, কারও লিফলেট ডাকটিকিটের মতো ছোট। কেউ আবার পুলিশের পোশাকে ভিডিও বার্তা ছড়িয়ে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছেন।

দেখা গেছে, প্রার্থীরা সকাল-বিকেল হলে হলে ঘুরে হাতে হাতে লিফলেট পৌঁছে দিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন অনেকে। এতে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহিদ হাসান জোহা বলেন, ‘আমি যেহেতু সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছি, তাই একটু ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেছি—যাতে আমার প্রচারণার মাধ্যমেই আমার পদটি ফুটে ওঠে। এর আগে আমি প্রচারণামূলক ভিডিও অনলাইনে প্রকাশ করেছি। সেখান থেকে ব্যাপক সাড়া পেয়েছি। পাশাপাশি অফলাইনেও শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জয়ের আশা সবারই থাকে। আমি মনে করি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমার জয়ের সম্ভাবনা ততই বাড়বে। আমি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সংস্কৃতি চর্চার সঙ্গে কর্মী ও সংগঠক হিসেবে যুক্ত আছি। তাই সংস্কৃতির শূন্যতা কোথায়, প্রতিবন্ধকতা কী—সে বিষয়ে আমি ভালোভাবেই জানি। এ কারণেই আমি সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানে কাজ করার চেষ্টা করবো।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Paraguay VS France
90'+8'
0 - 1
World Cup