সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে সবচেয়ে বেশি পাস কোন বিষয়ে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১২:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বিপর্যয় হয়েছে। গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষার্থীরা বেশি ফেল করায় গড় পাসের হারও কমেছে। এ বছর জিপিএ-৫ এর সংখ্যাও গত বছরের চেয়ে কমেছে। তবে এবার আইসিটি বিষয়ে চমকপ্রদ ফল করেছে শিক্ষার্থীরা। অধিকাংশ বোর্ডে আইসিটিতে পাসের হার ৯৮ ও ৯৯ শতাংশ।

শিক্ষক ও শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, মূলত মানবিকের শিক্ষার্থীরা এ দুই বিষয়ে বেশি ফেল করেছে। বিশেষ করে মাদরাসা থেকে দাখিলে অংশ নেওয়া মানবিকের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে বেশি দুর্বল। তারা এ দুটি বিষয়ে ফেল করায় এবার দুই দশকের মধ্যে সবচেয়ে নিম্নমুখী ফল হয়েছে।

ইংরেজিতে বেশিরভাগ বোর্ডে পাসের হার কম

প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে পাসের হার কম ময়মনসিংহ বোর্ডে। এ বোর্ডে ইংরেজিতে পাস করেছে মাত্র ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী। আর গণিতে পাস করেছে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, ফলাফলের তলানিতে থাকা ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে প্রতি ১০০ জনে ৩৩ জন ফেল করেছে। আর গণিতে প্রতি ১০০ জনে ৩০ জন ফেল করেছে।

শুধু ময়মনসিংহ নয়, ইংরেজিতে ৭০ শতাংশের নিচে পাসের হার বরিশাল ও সিলেট বোর্ডেও। বরিশাল বোর্ডে ইংরেজিতে পাসের হার ৬৯.২৪ শতাংশ, সিলেটে ৬৯.১১ শতাংশ।

ইংরেজিতে ৭০ শতাংশ পাসের হার রয়েছে আরও ছয়টি বোর্ডে। সেগুলো হলো- যশোরে ইংরেজিতে পাস ৭১.৮৪ শতাংশ, চট্টগ্রামে ৭২.২৭ শতাংশ, রাজশাহীতে ৭৪.৭০ শতাংশ, ঢাকা বোর্ডে ৭৮.৪০ শতাংশ এবং মাদরাসা বোর্ডে ৭৯.২১ শতাংশ।

ইংরেজি বিষয়ে ৮০ শতাংশের ওপরে (যা মোটামুটি সন্তোষজনক ধরা হয়) পাসের হার রয়েছে শুধুমাত্র কুমিল্লা ও কারিগরি শিক্ষা বোর্ডে। কুমিল্লা বোর্ডে ইংরেজিতে পাসের হার ৮১.২৯ শতাংশ এবং কারিগরিতে ৯৪ দশমিক ৭০ শতাংশ।

গণিতেও লেজেগোবরে অধিকাংশ বোর্ড

ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে গণিতে পাসের হার ৬৯ শতাংশের ঘরে। আরও পাঁচটি বোর্ডে পাসের হার ৭০ শতাংশের ঘরে। সেগুলো হলো- কারিগরি শিক্ষা বোর্ডে গণিতে পাস ৭০.৯২ শতাংশ, দিনাজপুরে ৭১.০৫ শতাংশ, সিলেটে ৭৫.৯৬ শতাংশ, রাজশাহীতে ৭৭.১৭ শতাংশ, বরিশালে ৭৭.৯৮ শতাংশ।

গণিতে ৮০ শতাংশের (মোটামুটি সন্তোষজনক বিবেচিত) ওপরে পাস করেছে ঢাকা, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা। এ কারণে এ বোর্ডগুলোর পাসের হার তুলনামূলক ভালো।

আইসিটিতে চমকপ্রদ ফল

প্রতি বছর এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে খারাপ ফল করে শিক্ষার্থীরা। তবে এবার অধিকাংশ বোর্ডেই আইসিটিতে প্রায় শতভাগ পাস করেছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে এবার আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে।

আইসিটিতে ৯৮ শতাংশ পাস করেছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে। আইসিটিতে এবার সর্বনিম্ন ফল যশোরে, বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৭.৮৬ শতাংশ।

পদার্থ-রসায়ন-উচ্চতর গণিতেও ‘ভালো’

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পদার্থবিজ্ঞানে ভালো ফল দেখা গেছে। ১১টি বোর্ডের মধ্যে সাতটি বোর্ডে পদার্থে ৯০ শতাংশের ওপরে পাসের হার। বাকি তিনটি বোর্ডে ৮০ শতাংশের ঘরে। রসায়নেও ৯০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে ৮টি বোর্ডে। বাকি তিনটি বোর্ডেও ৮২ শতাংশের ওপরে পাসের হার।

অন্যদিকে উচ্চতর গণিতে সব বোর্ডে ৯০ শতাংশের ওপরে পাসের হার রয়েছে। ইতিহাস, অর্থনীতিতেও পাসের হার সন্তোষজনক। তবে হিসাববিজ্ঞানে অধিকাংশ বোর্ডে পাসের হার ৮০ শতাংশের ঘরে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন