

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। বোর্ডের অধীন ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এ সময় বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোসা. পাপিয়া আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৮ হাজার ৮২৫ জন ছেলে এবং ৮৭ হাজার ১০ জন মেয়ে। মোট পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন।
ছেলেদের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৬ জন। আর মেয়েদের মধ্যে পাস করেছে ৫৮ হাজার ১৯৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৮৪৮ জন।
ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ, আর ছেলেদের পাসের হার ৬৩ দশমিক ২৪ শতাংশ।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৪২ দশমিক ৪৪ শতাংশ, মানবিক বিভাগে ৫০ দশমিক ৬১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৭ দশমিক ৪০ শতাংশ।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৪টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে। ২০২৫ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২২টি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে।
এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের ইআইআইএন নম্বর ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে ফলাফল সংগ্রহ করতে পারবে।