বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
জকসুর উদ্যোগ

জবির মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র 

জবি প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০২:২০ এএম
ছবি: এনপিবি
expand
ছবি: এনপিবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারের ল্যাবরেটরিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) উদ্যোগে ১৩টি আধুনিক চিকিৎসা ও পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করা হয়েছে । আগামী সপ্তাহে এসব সরঞ্জামের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে। যন্ত্রগুলো চালু হলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।

জকসু সূত্রে জানা যায়, ল্যাবরেটরিতে যুক্ত হওয়া সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার (Bio-Base-4000), বাইনোকুলার মাইক্রোস্কোপ (N-1200), হেমাটোলজি অ্যানালাইজার (BC-10), গামা RFID রিডার অ্যাসেম্বলি, ইউরিন অ্যানালাইজার (UAP-505 Plus), হরমোন অ্যানালাইজার (PIMA/PT-1000) ও ESR অ্যানালাইজার (ESR-20)। এ ছাড়া রয়েছে ৮-হোল সেন্ট্রিফিউজ মেশিন, ডিজিটাল ইউরিন রোটেটর, রোলার মিক্সচার (TRV-A) এবং ৫-৫০, ১০-১০০ ও ১০০-১০০০ পরিমাপের তিনটি মাইক্রোপিপেট।

মেডিকেল সেন্টারের অবকাঠামোগত উন্নয়নেও ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকার কাজ করা হয়েছে বলে জানিয়েছেন জকসুর ভিপি রিয়াজুল ইসলাম। তিনি বলেন, তিনটি এসি স্থাপন, জানালায় রোলার ও গেট স্থাপন করা হয়েছে। মেশিন রাখার জন্য টেবিল, কিট সংরক্ষণের জন্য ফ্রিজসহ প্রয়োজনীয় সরঞ্জামও আনা হয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী আরও একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে।

রিয়াজুল ইসলাম বলেন, ‘ল্যাবটি চালু হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। আগে সাধারণ অনেক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদের মেডিকেল সেন্টারের বাইরে যেতে হতো। এতে সময় ও অর্থ—দুটিই ব্যয় হতো। এখন প্রয়োজনীয় পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারেই করার সুযোগ তৈরি হবে। মেডিকেল অফিসার প্রয়োজনীয় যেসব পরীক্ষা নির্ধারণ করবেন, সেগুলো নামমাত্র মূল্যে করানোর ব্যবস্থা করা হবে।’

ল্যাব পরিচালনায় জনবল সংকটের বিষয়ে তিনি বলেন, “আমাদের দেওয়া মেশিনগুলো পরিচালনার জন্য বর্তমানে মেডিকেল সেন্টারে কোনো টেকনিশিয়ান নেই। আগামী দুই মাস হাসপাতাল থেকে টেকনিশিয়ান এনে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে। তাদের বেতন-ভাতাও আমরা বহন করব। এর মধ্যে প্রশাসনের মাধ্যমে টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে।”

উদ্বোধনের বিষয়ে জকসুর ভিপি বলেন, “আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনিক কিছু জটিলতার কারণে এখনো উদ্বোধন করা সম্ভব হয়নি। প্রশাসন আগামী সপ্তাহে উদ্বোধনের কথা জানিয়েছে। সেটিও না হলে আমরা নিজেদের উদ্যোগে উদ্বোধনের ব্যবস্থা করব।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দীর্ঘদিন ধরেই উন্নত ল্যাবরেটরি সুবিধার প্রয়োজন ছিল। জকসুর উদ্যোগে আধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় সেই ঘাটতি পূরণের সুযোগ তৈরি হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।”

তিনি আরও বলেন, “প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন যা করা সম্ভব হয়নি, জকসু উদ্যোগ নিয়ে সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়েছে। এটি অবশ্যই ইতিবাচক। তবে ল্যাবের কার্যক্রম নিয়মিত ও কার্যকর রাখতে প্রয়োজনীয় জনবল ও প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করাও জরুরি।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank