বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:৫৭ পিএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। আগের দিনের বড় ধরনের দরবৃদ্ধির পর বৃহস্পতিবার (২০ আগস্ট) মূল্যবান ধাতুটির দামে এই পতন দেখা যায়। তবে এর আগে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৪ মিনিটে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৭ দশমিক ৬৩ ডলারে নেমে আসে।

এর আগে স্বর্ণের দাম ৪ হাজার ৫২৫ দশমিক ৭৯ ডলারে উঠেছিল, যা গত ২ জুনের পর সর্বোচ্চ। এর আগের দিন বুধবার (১৯ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ৪ শতাংশের বেশি বেড়েছিল।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম প্রায় অপরিবর্তিত ছিল। প্রতি আউন্স ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০ ডলারে লেনদেন হচ্ছিল।

সম্প্রতি স্বর্ণের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ ছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আকস্মিক সিদ্ধান্ত। দীর্ঘমেয়াদি সরকারি বন্ডের তারল্য সহায়তায় বাইব্যাক কার্যক্রম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর মার্কিন ট্রেজারি ইয়িল্ড কমে যায়। একই সময়ে দুর্বল হয় মার্কিন ডলারের মূল্য।

ডলারের দর কমে গেলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়ে ওঠে। পাশাপাশি সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণও বাড়ে। এসব কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা যায়।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দাম যদি প্রতি আউন্স ৪ হাজার ৪০০ থেকে ৪ হাজার ৫০০ ডলারের স্তরের ওপরে অবস্থান ধরে রাখতে পারে, তাহলে এর ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তবে সাম্প্রতিক বড় ধরনের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার কারণে স্বর্ণের দামে সাময়িক নিম্নমুখী চাপ তৈরি হওয়াও স্বাভাবিক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

এদিকে উচ্চ মূল্যস্ফীতির আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তাও স্বর্ণের বাজারে চাপ তৈরি করতে পারে। ফেডের সর্বশেষ বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, কয়েকজন নীতিনির্ধারক সুদের হার বাড়ানোর পক্ষেও অবস্থান নিয়েছেন।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank