বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলির সুযোগ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:২৮ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার পর বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুযোগ চালু হচ্ছে। আগামী ২১ আগস্ট থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তত্ত্বাবধানে টেলিটকের কারিগরি সহায়তায় স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বদলিতে আগ্রহী শিক্ষকরা মোবাইলে পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনগুলো সংশ্লিষ্ট বদলি নীতিমালা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে। এরপর শূন্য পদ ও নীতিমালার ভিত্তিতে বদলি হয়ে নতুন কর্মস্থলে পদায়নের আদেশ দেওয়া হবে।

যেসব এলাকায় বদলি চাওয়া যাবে

শিক্ষকরা চাকরির আবেদনের সময় যে জেলাকে নিজ জেলা হিসেবে উল্লেখ করেছিলেন, সেই জেলায় বদলির আবেদন করতে পারবেন। তবে সেখানে উপযুক্ত শূন্য পদ না থাকলে নিজ বিভাগের অন্য জেলার শূন্য পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে।

এ ছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা কর্মস্থলের জেলাতেও বদলির আবেদন করা যাবে। এ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর কর্মস্থল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান হতে হবে।

তবে আবেদনপত্রে এ-সংক্রান্ত তথ্য ভুলভাবে দেওয়া হলে দায় নিতে হবে আবেদনকারী শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে।

দুই বছর চাকরি না হলে আবেদন নয়

বদলির ক্ষেত্রে চাকরির মেয়াদকেও গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম কর্মস্থলে যোগ দেওয়ার পর কমপক্ষে দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদন করতে পারবেন। একইভাবে বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর আবার বদলির আবেদন করতে হলে সেখানে অন্তত দুই বছর চাকরি করতে হবে।

ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়ে করা আবেদন বাতিল করা হবে। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে আবেদন করলেই বদলি পাওয়া একজন শিক্ষকের অধিকার হিসেবে গণ্য হবে না।

আদেশের পর ১০ দিনের মধ্যে অবমুক্ত

বদলির আদেশ জারির পর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে। এরপর আরও ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে শিক্ষককে। অবমুক্ত হওয়ার দিন থেকে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আগ পর্যন্ত সময় কর্মকাল হিসেবে বিবেচিত হবে।

তবে বদলি হওয়া শিক্ষক এ জন্য কোনো ভ্রমণভাতা বা দৈনিক ভাতা পাবেন না।

এ ছাড়া কোনো শিক্ষকের বেতন বন্ধ থাকলে, তিনি সাময়িক বরখাস্ত হয়ে থাকলে কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকলে বদলির জন্য তাকে যোগ্য বিবেচনা করা হবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank