

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সরকারি কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশের বেশ কয়েকটি সরকারি কলেজে নতুন ৭ জন অধ্যক্ষ (সংযুক্তসহ) এবং ৩ জন উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষকসহ মোট ২৫ জন বিসিএস ক্যাডার কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ ও সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মোট ২৩ জন কর্মকর্তাকে নতুন স্থানে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৭ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত বা সংযুক্ত পদসহ) এবং ৩ জন কর্মকর্তাকে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
নতুন পদায়ন পাওয়া অধ্যক্ষদের মধ্যে নওগাঁর নাজিপুর সরকারি কলেজের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমকে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সরকারি নাজমুল স্মৃতি মহাবিদ্যালয়ের ওএসডি অধ্যাপক মো. আনিসুর রহমানকে শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যাপক ড. মো. হারুন অর রশিদকে একই কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক আনোয়ার হোসেনকে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া, অধ্যাপক অনুপম চন্দ্র দাসকে নোয়াখালীর সৈকত সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, মান্দা মসিদ শাহানা সরকারি ডিগ্রি কলেজে অধ্যাপক মো. বদরুল ইসলাম এবং পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজে অধ্যাপক গাজী সবুজ আহম্মেদকে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পিরোজপুর সরকারি মহিলা কলেজের ওএসডি অধ্যাপক মুহাম্মদ শাহীন রেজাকে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যাপক সৈয়দ সাদীয়াল ফেরদৌসকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ এবং বরিশাল সরকারি কলেজের অধ্যাপক আবদুস সামাদকে বরিশাল সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলি ও পদায়ন দেওয়া হয়েছে।
এ ছাড়া, শিক্ষা ক্যাডারের বেশ কয়েকজন অধ্যাপক ও সহযোগী অধ্যাপককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বিভিন্ন শিক্ষা বোর্ড এবং বিভিন্ন সরকারি কলেজে ওএসডি ও সংযুক্ত পদে রদবদল করা হয়েছে।
পৃথক আরেকটি প্রজ্ঞাপনে মাধ্যমিক শিক্ষা শাখার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মাউশি অধিদপ্তরের উপপরিচালক (সরকারি মাধ্যমিক শাখা) মো. ইউনুছ ফারুকীকে কুমিল্লার নাঙ্গলকোট এ আর (আরিফুর রহমান) মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম. জিয়াউল হায়দার হেনরীকে ময়মনসিংহের হালুয়াঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনা অনুযায়ী, কলেজ শাখার প্রজ্ঞাপনভুক্ত কর্মকর্তাদের আগামী ১০ ও ১১ আগস্টের মধ্যে এবং মাধ্যমিক শাখার কর্মকর্তাদের আগামী ৪ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণে তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন বলেও জানানো হয়েছে।
একই সঙ্গে প্রজ্ঞাপনে কর্মকর্তাদের পিডিএসে লগইন করে অবমুক্ত ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে।