শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীসংস্থার উদ্যোগে মেহেদি উৎসব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পিএম
মেহেদি উৎসব
expand
মেহেদি উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মেহেদি উৎসব’।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানিয়েছেন, এমন আয়োজন তাদের মধ্যে আনন্দ, বন্ধুত্ব ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।

ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিমা খান বলেন, “ছাত্রীসংস্থার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই একসাথে মেহেদি পরছি, একে অপরকে লাগিয়ে দিচ্ছি— বিষয়টি খুব উপভোগ্য। এতে মেয়েদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করি।”

তিনি আরও বলেন, “ভালো লাগছে যে এই আয়োজনটি ধর্ম নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। যেকোনো ছাত্রী এখানে এসে আনন্দ ভাগ করে নিচ্ছে— এটা ইতিবাচক দিক।”

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মরিয়ম খাতুন বলেন, “আজকের মেহেদি উৎসব দারুণ লেগেছে। এমন সাংস্কৃতিক আয়োজন নিয়মিত হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আরও প্রাণবন্ত হয়ে উঠবে।”

উৎসব সম্পর্কে ইসলামী ছাত্রীসংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার সংগ্রাম বলেন, “সুস্থ সংস্কৃতি বিকাশ এবং ছাত্রীর পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। অতীতের প্রতিকূল সময় পেরিয়ে এখন আমরা আরও বেশি অংশগ্রহণমূলকভাবে কাজ করতে চাই। ভবিষ্যতেও এমন ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এমন আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রও তৈরি করে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন