শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক আগামীকাল 

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৬:২১ পিএম
expand
জকসু নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক আগামীকাল 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

৪ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, “জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, সেগুলো সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে তা চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। আর কোনো প্রক্রিয়া বাকি নেই।”

তিনি আরও বলেন, “এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন সম্পন্ন হয়ে আসতে কতটা সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তবে আমরা আশাবাদী— জকসু নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।”

এর আগে, গত ১১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নীতিমালা সংক্রান্ত বৈঠকের আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা জকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর জকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসুর রোডম্যাপ প্রকাশ করে। সেই রোডম্যাপ অনুযায়ী, আইন পাসের পর আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন