

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীরা শেষ দিনের মতো উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার মধ্যেই প্রচারণার নির্ধারিত সময় শেষ হচ্ছে। তাই সকাল থেকেই পুরো ক্যাম্পাসজুড়ে ছিল প্রার্থীদের ব্যস্ততা ও প্রাণচাঞ্চল্য।
সকাল ৯টা থেকেই একাডেমিক ভবন, আবাসিক হল ও আড্ডাস্থলগুলোতে প্রার্থীদের প্রচারণা চলতে দেখা যায়। শেষ মুহূর্তে ভোটারদের কাছে পৌঁছাতে মরিয়া ছিলেন প্রার্থীরা।
সম্মিলিত শিক্ষার্থী জোটের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মোস্তাকুর রহমান জিহাদ বলেন, আজ প্রচারণার শেষ দিন। এখন আর অভিযোগে সময় নষ্ট করতে চাই না। আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের শেষবারের মতো পৌঁছাতে চাই।
একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. ফাহিম রেজা বলেন, প্রথম দফায় যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবার শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ আরও দ্বিগুণ বেড়েছে। আমরা একাডেমিক ভবন, হল ও মেসে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। তাদের আন্তরিক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।
স্বতন্ত্র ভিপি প্রার্থী বিল্লাল হোসেন বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সবার কাছে সরাসরি পৌঁছাতে পারিনি। তবে আমার শুভাকাঙ্ক্ষীরা নিরবে লিফলেট বিতরণ ও প্রচারণায় সহায়তা করেছেন। শিক্ষার্থীদের সমর্থন আমি অনুভব করছি।
স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী উৎপল রায় বলেন, রাকসু নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবমুখর। প্রার্থীদের শেষ দিনের প্রচারণা যেন এক আনন্দমেলায় পরিণত হয়েছে। আমরা আশা করছি, নির্বাচনও এমন পরিবেশেই সম্পন্ন হবে।
অন্যদিকে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. মুরসালিন বলেন, প্রচারণার আমেজ উপভোগ করছি ঠিকই, তবে অনেক সময় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। রাত ১০টার পরও মেসে গিয়ে প্রচারণা চালানো আমাদের জন্য অসুবিধার সৃষ্টি করছে।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হবে।
মন্তব্য করুন