

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখে।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর সংশোধন এবং সোমবার কলেজ প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালীন সময়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এবং উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
তারা শিক্ষার্থীদের শান্তভাবে কলেজে ফিরে যাওয়ার আহ্বান জানান। কর্তৃপক্ষের এই অনুরোধে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সকাল ১১টার দিকে অবরোধ তুলে নেন এবং ক্যাম্পাসে ফিরে যান।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রস্তাবিত আইন অনুযায়ী ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক (ইন্টারমিডিয়েট) বিভাগ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাদের আশঙ্কা, এর মাধ্যমে শতবর্ষের এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের মূল পরিচয় ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের ভাষায়, এই বিভাগই ঢাকা কলেজের দীর্ঘ শিক্ষা-ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে।
এর আগের দিন, ১৩ অক্টোবর, ঢাকা কলেজে ওই আইন দ্রুত কার্যকর করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি থেকে শুরু হয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
ঘটনার একপর্যায়ে এক শিক্ষার্থী শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ বলে মন্তব্য করলে শিক্ষকরা তাকে ধরে কলেজের কমনরুমে নিয়ে যান।
খবর পেয়ে তার সহপাঠীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এই ঘটনার জের ধরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
মন্তব্য করুন
