রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শিথিল করল ঢাবি কর্তৃপক্ষ, টিএসসিতে ব্রাজিল ভক্তদের ঢল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৩:১০ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

শেষ মুহূর্তের নাটকীয় সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত ফুটবল সমর্থকদের প্রবেশাধিকারের নিষেধাজ্ঞা শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ রাত ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল বনাম স্কটল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে ক্যাম্পাসের সবকটি প্রবেশপথ সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

এর ফলে কোনো রকম বাধা ছাড়াই ফুটবলপ্রেমীরা টিএসসি প্রাঙ্গণে প্রবেশ করতে পারছেন। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে ইতিমধ্যেই ঢাবি এলাকায় ঢল নেমেছে হাজার হাজার ব্রাজিল সমর্থকের।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রক্টরের দপ্তর থেকে বহিরাগতদের প্রবেশ ও যানবাহন চলাচলে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে ম্যাচের সময় ঘনিয়ে আসার সাথে সাথে রাজু ভাস্কর্য ও টিএসসি এলাকায় সমর্থকদের ব্যাপক উপস্থিতি ও পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ প্রবেশপথগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

কর্তৃপক্ষের এই ইতিবাচক সাড়ায় ক্যাম্পাসে মুহূর্তের মধ্যেই ফিরে এসেছে চিরচেনা উৎসবের আমেজ। হলুদ জার্সি, ভুভুজেলা বাঁশি আর বাদ্যযন্ত্রের সুরে পুরো টিএসসি এলাকা এখন মুখরিত।

সেলেসাওদের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল সমর্থকদের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন দলের 'পোস্টার বয়' নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই তার মাঠে ফেরার জোর সম্ভাবনা তৈরি হওয়ায় সমর্থকদের মাঝে চলছে তুমুল জল্পনা-কল্পনা।

রামপুরা থেকে বন্ধুদের নিয়ে খেলা দেখতে আসা ওমর নামের এক উচ্ছ্বসিত সমর্থক বলেন, 'প্রিয় দলের খেলা বড় পর্দায় দেখার অনুভূতিই আলাদা। আজ নেইমার মাঠে নামবেন; এই অপেক্ষাতেই আছি। আশা করি, ব্রাজিল আজ বড় ব্যবধানে জিতে আমাদের আনন্দ দ্বিগুণ করবে।'

একই রকম প্রত্যাশা জানিয়ে রনি নামের আরেক ফুটবল অনুরাগী বলেন, 'নেইমার পুরোদমে অনুশীলন শুরু করেছেন এবং তিনি আজ খেলার জন্য ফিট। মেসি ও রোনালদো ইতিমধ্যেই বিশ্বকাপে গোল করে নিজেদের জাত চিনিয়েছেন, এবার মাঠ কাঁপানোর পালা নেইমারের। আমরা আজ টিএসসিতে ‘নেইমার শো’ দেখার জন্য উন্মুখ হয়ে আছি।'

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ছাড় দেওয়ার সিদ্ধান্তে বড় পর্দার সামনে এখন শুধুই উল্লাস। সাধারণ দর্শকদের প্রত্যাশা, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রিয় দলের জয়োৎসব করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন