সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ছাত্রীকে গালিগালাজসহ তিন ঘটনায় তিনজনকে থানায় সোপর্দ 

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৭:২৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণের অভিযোগে টিপু সুলতান নামের এক বহিরাগত যুবককে থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামনগর-সংলগ্ন ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ছাড়া ক্যাম্পাসে আরও দুই ঘটনায় দুজনকে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা সূত্রে জানা যায়, ইসলামনগর–সংলগ্ন ফটকে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা টিপু সুলতান দুজন নারী শিক্ষার্থীকে অকথ্যভাষায় গালিগালাজ ও অসংগতিপূর্ণ আচরণ করেন। অভিযুক্তকে আটক করে নিরাপত্তা শাখায় নিয়ে আসেন শিক্ষার্থীরা।

এ সময় বটতলার একটি হোটেলের কর্মচারী মো. নাইম মুঠোফোনে ভিডিও ধারণ করার সময় এক ছাত্রীকে স্পর্শ করেছেন, এমন অভিযোগে তাঁকেও থানায় সোপর্দ করা হয়।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদ এলাকায় সাদ্দাম হোসেন নামের এক যুবক জামা খুলে ঘোরাফেরা করার অভিযোগে থানায় সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত সাদ্দাম হোসেন আ ফ ম কামালউদ্দিন হল–সংলগ্ন একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার জেফরুল হাসান চৌধুরী বলেন, অভিযুক্ত ব্যক্তিদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করার জন্য তিনি থানায় যাচ্ছেন বলে জানান।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ক্যাম্পাস থেকে তিনজনকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন