

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাখা ছাত্রশিবির ও ছাত্রদল মনোনীত প্যানেল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ছাত্রশিবির এবং বিকেলে ছাত্রদল রাকসু প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে।
ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের চারটি অভিযোগ হলো— ১৫ সেপ্টেম্বর জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন আরবি বিভাগ ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাসে শহীদুল্লাহ একাডেমিক ভবনের ৩০৬ নম্বর কক্ষে প্রচারণা চালান; ১৮ সেপ্টেম্বর আরবি বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান করেছেন; নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা কমিশনের ঘোষিত নিয়মাবলীর সুস্পষ্ট লঙ্ঘন এবং রাকসুতে ভোটার নন এমন ব্যক্তিরাও প্রচারণায় অংশ নিচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে।
লিখিত অভিযোগে বলা হয়, আসন্ন রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্রদলের প্যানেল একাধিক ক্ষেত্রে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। এতে নির্বাচনী পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে এবং অন্যান্য প্রার্থীদের প্রতি অসঙ্গত আচরণ প্রদর্শিত হচ্ছে।
অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অভিযোগ হলো, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা ও তাঁদের পৃষ্ঠপোষকতায় সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার ও বিশেষ উপহার প্রদান করছে, যা নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ডকে বিনষ্ট করছে। নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উপহার প্রদান রাকসু নির্বাচনের আচরণবিধির পরিপন্থী বলে তাঁরা জানান।
লিখিত অভিযোগ জানানোর সময় সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ, জিএস পদপ্রার্থী ফাহিম রেজা-সহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’র ভিপি পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবির ও জিএস পদপ্রার্থী নাফিউল ইসলাম জীবনসহ অন্যান্য পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন,‘আজ ছাত্রশিবির সমর্থিত প্যানেল আমাদের কাছে একটি স্মারকলিপি দিয়েছে। এখন ছাত্রদল দিলো। তারা বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে, সেগুলো আমরা দেখব।’
মন্তব্য করুন