শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে বাড়ছে সাইকেল চুরি, নেই প্রশাসনের পদক্ষেপ 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে সাইকেল চুরির ঘটনা বেড়ে চলেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একের পর এক সাইকেল চুরি হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগীরা দাবি করেছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় চোরচক্রের দৌরাত্ম্য বাড়ছে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ইসা রুহুলুল্লাহ জানান,“২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে মাগরিবের নামাজের সময় শহীদ সালাম-বরকত হল মসজিদের পাশে থেকে আমার সাইকেলটি তালা ভেঙে চুরি হয়।

জাকসু ভিপি, সদস্যবৃন্দ ও প্রশাসনের কাছে দাবি জানাই— যেন আর কারও সাইকেল হারাতে না হয়, এজন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়।”

একই দিন আরেকটি সাইকেল চুরির ঘটনা ঘটে ডেইরি গেট এলাকায়।আইআইটি ৫০তম ব‍্যাচের শিক্ষার্থী ভুক্তভোগী রকিবুল হাসান কনক বলেন, “২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটে আমি রক্তদান করতে পান্থপথ যাই, সাইকেলটি ডেইরি গেটে রেখে যাই।

রাত ১০টা ৩০ মিনিটে ফিরে এসে দেখি সাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে পারি। সে তারামন বিবি হল থেকে বের হয়ে টারজান, ডেইরি গেট, ছবিচত্বর, ওয়াজেদ মিয়া ভবন পেরিয়ে বোটানিক্যাল গার্ডেন হয়ে এমএইচ গেট দিয়ে ক্যাম্পাস ছাড়ে।”

তিনি আরও অভিযোগ করেন, “ক্যাম্পাসের বেশিরভাগ সিসিটিভি ফুটেজ অস্পষ্ট। অনেক ক্যামেরা লাইটের সামনে বসানো, ফলে চেনা যায় না।

মেয়েদের হলের আশপাশের অনেক ক্যামেরাই বন্ধ থাকে— বলে মেরামতের জন্য অফ করা হয়েছে, কিন্তু দিন পেরিয়েও চালু করা হয়নি। এত বড় ক্যাম্পাসে সাইকেল রাখার কোনো নিরাপদ স্থানও নেই।”

এর আগে ৪ অক্টোবর শনিবার রাতে সালাম-বরকত হল মসজিদের সামনের দিক থেকেও আরেকটি সাইকেল চুরি হয়।আইন ও বিচার বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী ভুক্তভোগী সৈয়দ বখতিয়ার খিলজি বলেন, “বাদ এশার নামাজের সময় আমি নামাজে ছিলাম। ফিরে এসে দেখি সাইকেলটি নেই।”

সাইকেল চুরির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.এ.কে.এম রাশিদুল আলম বলেন:-" আমরা ক‍্যাম্পাসের সকল সিকিউরিটি গার্ডদের বলে রেখেছি যে কেউ যাতে সাইকেল নিয়ে ক‍্যাম্পাসের বাইরে যেতে না পারে। এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে যাতে তার পরিচয়পত্র চেক করা হয়"।

ক‍্যাম্পাসের নষ্ট ও অচল সিসি ক‍্যামেরা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন:-" আমাদের ক‍্যাম্পাসের কোনো সিসি ক‍্যামেরা নষ্ট নয়, সবগুলো ক‍্যামেরা ঠিক আছে "

শিক্ষার্থীরা বলছেন, প্রতিনিয়ত এমন ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। কেউ কেউ সাইকেল ব্যবহার বন্ধ করে দিয়েছেন নিরাপত্তাহীনতার কারণে। তারা প্রশাসনের কাছে সিসিটিভি ক্যামেরাগুলো দ্রুত মেরামত এবং নিরাপদ সাইকেল পার্কিং জোন স্থাপনের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন