শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন: ছাত্রী সংস্থা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম
expand
ছাত্রদলের অভিযোগ ভিত্তিহীন: ছাত্রী সংস্থা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রদলের অভিযোগের জবাবে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা (বিএনএসএস), চবি শাখা জানিয়েছে, ফার্স্ট এইড বক্স বিতরণ কার্যক্রমে কোনো আচরণবিধি লঙ্ঘন হয়নি।

সংগঠনটির ভাষ্য, এই কার্যক্রমটি নির্বাচনের আগে সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে শুরু করা হয়েছিল। তারা আরও জানিয়েছে, বিতরণ কার্যক্রম সম্পূর্ণ শিক্ষার্থীর কল্যাণ ও স্বাস্থ্যসুরক্ষার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন ছাত্রী সংস্থার সংগঠন ও ছাত্রীকল্যাণ বিভাগের সম্পাদক এবং চাকসুর নির্বাহী সদস্য পদপ্রার্থী জান্নাতুল ফেরদাউস সানজিদা।

লিখিত বক্তব্যে সানজিদা জানান, শামসুন্নাহার হলে ফার্স্ট এইড বক্স বিতরণ কোনো নির্বাচনী প্রচারণা নয়। ক্যাম্পাসে ফার্মেসির অভাব থাকায় শিক্ষার্থীদের অনুরোধে গত আগস্ট মাসে বিভিন্ন হলে এসব বক্স বিতরণ করা হয়। পরে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সুবিধার্থে ৩০ সেপ্টেম্বর বক্সটি প্রহরীর টেবিলে স্থানান্তর করা হয়।

তিনি অভিযোগ করেন, ছাত্রদল সঠিক তথ্য যাচাই না করেই ভিত্তিহীন অভিযোগ তুলেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে লিখিত জবাব দেওয়া হয়েছে এবং কমিশনের নির্দেশে বক্স সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, শামসুন্নাহার হলের এক প্রার্থী আচরণবিধি ভেঙে রঙিন লিফলেট বিতরণ করলেও সেটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এছাড়া ছাত্রী সংস্থার একাধিক প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক ও ভয়ভীতির মুখে পড়েছেন।

সংগঠনটি নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে, যাতে আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও নারীবান্ধব পরিবেশে অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন