

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের কার্যকর গণতন্ত্র ও সংসদীয় কাঠামোর জবাবদিহিতা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘গণতন্ত্রে জনগণের রায় ও বাংলাদেশের সংসদীয় বাস্তবতা’ শীর্ষক বিশেষ সেমিনার।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধানের প্রয়োগ এবং গণতান্ত্রিক চর্চা নিয়ে বিশদ আলোচনা করেন বক্তারা।
এ সময় বক্তারা অভিমত প্রকাশ করে বলেন, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় শুধু নির্বাচনই শেষ কথা হতে পারে না; বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন নিশ্চিত করা জরুরি। এর জন্য রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।
সেমিনারে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, “এত বড় একটি গণঅভ্যুত্থানের পরও পুরনো সংবিধানের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সংবিধানকে সবসময় শুধু আইনের ছাঁচে ফেলে ব্যাখ্যা করলে চলবে না। সাংবিধানিক চেতনা বলে একটি বিষয় আছে, যার মূল কথাই হলো জনগণের ইচ্ছা। যুক্তরাজ্যের মতো সংসদীয় সার্বভৌমত্বের দেশেও জনগণের রায়কে চূড়ান্ত বলে মেনে নেওয়া হয়েছে। তাই আইনের দোহাই দিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা বা জনগণের রায়কে অস্বীকার করার কোনো সুযোগ নেই।”
এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব রাজনৈতিক দলগুলোর অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে আগামী দিনে তরুণদের এবং রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দেশের মানুষ অতীতেও বিএনপির দ্বারা প্রতারিত হয়েছে। নব্বইয়ের গণঅভ্যুত্থান, ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ তৈরি হয়েছিল, সেখানেও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে। বারবার এমন আচরণের পর দেশের মানুষ আবারও তাদের বিশ্বাস করবে, সেটি ভাবা বোকামি।”
গণভোট ও রাজনৈতিক প্রতিশ্রুতি প্রসঙ্গে এনসিপির যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “যে নেতা বা দল গণভোটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজেদের ভোটারদের সাথেই প্রতারণা করে, তারা ক্ষমতায় এসে অক্ষরে অক্ষরে ইশতেহার পালন করবে- এমনটা দেশের মানুষ আর বিশ্বাস করবে না।”
জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানের সভাপতিত্বে এবং জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীবের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন বিডিজবসের সিইও ফাহিম মাসরুর, গণবিপ্লবী উদ্যোগের আহ্বায়ক আরিফ সোহেল, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)-এর মুখপাত্র তুহিন খান এবং জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।
মন্তব্য করুন