সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পিএম
শারমিন জাহান খাদিজা
expand
শারমিন জাহান খাদিজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

একইসঙ্গে ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি এ দাবি জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সাভারের ইসলামনগর এলাকায় ভাড়া বাসায় শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের শিকার হন।

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

টিআইবি মনে করে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি।

এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুততার সঙ্গে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শারমিন জাহান খাদিজা ২০২৫ সালের ৮ ডিসেম্বর থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অনুপ্রেরণায় গঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

পরে ২০২৬ সালের ২৭ জানুয়ারি তিনি একই সংগঠনের সহ-দলনেতা (নারী) হিসেবে নির্বাচিত হন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে টিআইবি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন