

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীর ওপর সংঘটিত ধর্ষণ, নিপীড়ন ও হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
একইসঙ্গে অভিযুক্ত এস এম তারিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
রোববার (১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে অমর একুশে পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ।
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন, যেখানে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন নারী শিক্ষার্থীর উপর ধর্ষণ ও হত্যাচেষ্টার মতো নৃশংস ঘটনা শুধু ভুক্তভোগীর জন্য নয়, বরং সমগ্র সমাজের জন্যই চরম লজ্জাজনক।
তারা বলেন, এ ধরনের ঘটনা প্রমাণ করে যে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এখনও মারাত্মকভাবে হুমকির মুখে রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও নির্লিপ্ততা এই ধরনের সহিংসতাকে আরও উৎসাহিত করছে।
বক্তারা আরও বলেন, অভিযুক্ত এস এম তারিকুল ইসলাম প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও গভীর করছে। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, যৌন সহিংসতার বিরুদ্ধে কার্যকর নীতিমালা বাস্তবায়ন এবং নির্যাতনের শিকার শিক্ষার্থীদের জন্য প্রশাসনিক ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত না করা হলে শিক্ষার্থীরা আরও বৃহত্তর ও কঠোর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
মানববন্ধন চলাকালে অমর একুশে পাদদেশ এলাকা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। স্লোগানগুলোতে নারীর প্রতি সহিংসতা বন্ধ, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জোরালোভাবে উঠে আসে।
মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মৌন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি অমর একুশে পাদদেশ থেকে শুরু হয়ে শহীদ মিনার ও নতুন কলা ভবন প্রদক্ষিণ করে পুনরায় অমর একুশে পাদদেশে এসে শেষ হয়।
উল্লেখ্য, মানববন্ধন ও মৌন মিছিলের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দেন- নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে তারা কোনো ধরনের আপস করবে না এবং ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদী আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
