শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম
শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
expand
শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ১ এর সামনে সকাল ৯টা ৪৫মিনিটে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এর আগে ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলেই কালো ব্যাচ ধারণ করেন।

পরে সকাল ১০টায় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, হল প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন,শাবি প্রেসক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিকে সকাল ১১টায় মিনি অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘রাষ্ট্রভাষা বাংলাকে সর্বস্তরে প্রয়োগের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাষা চর্চা শুধু একটি নির্দিষ্ট দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে আমাদের নিরবচ্ছিন্নভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাকে এগিয়ে নিতে হলে দেশের অর্থনীতিকেও শক্তিশালী করতে হবে। এ সময় তিনি ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফারুক মিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম, প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X