শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবির হল ক্যান্টিনে অভিযান, আইন বহির্ভূতভাবে জরিমানার অভিযোগ

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পিএম
expand
ঢাবির হল ক্যান্টিনে অভিযান, আইন বহির্ভূতভাবে জরিমানার অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ম্যান্ডেট প্রাপ্ত হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা আইন বহির্ভূতভাবে ক্যান্টিন মালিকদের সরাসরি জরিমানা করছেন বলে অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের পর বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বেপরোয়া ভাবে এবং সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে হলের বিভিন্ন দোকান ও ক্যান্টিনে অভিযান চালান।

এ সময় তারা ক্যান্টিন ও দোকান মালিকদের কাছ থেকে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা সংশ্লিষ্ট যেকোন বিষয়ে ক্যান্টিন এবং দোকানগুলোর খাবারের মান সহ অন্যান্য বিষয়াবলী তদারকি করার এখতিয়ার রাখে তবে এক্ষেত্রে হল প্রশাসনের অবগত করা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ এবং জরিমানা করতে পারবেন। এ বিষয়ে ঢাবির সূর্যসেন হলের নবনির্বাচিত (ভিপি) সহ-সভাপতি আজিজুল হক বলেন, আমরা মূলত শিক্ষার্থীদের থেকে বেশ কয়েকদিন ধরে নানা রকম অভিযোগের প্রেক্ষিতে হলের কিছু দোকান এবং ক্যান্টিনে আমরা অভিযান চালাই এবং আমরা সেখানে বারংবার নিষিদ্ধ করা সত্ত্বেও খাবারের মধ্যে টেস্টিং সল্ট ব্যবহার দেখতে পাই একই সাথে তখন আমরা এক কেজি টেস্টিং সল্ট জব্দ করি।

এ সময় তিনি নিজেদের আচরণ ও ব্যবহার বিধির বিষয়ে সংযত হওয়া উচিত বলে উল্লেখ করেন এবং দুঃখ প্রকাশ করেন।

তিনি জরিমানার টাকা আদায়ের ব্যাপারে বলেন আমরা প্রশাসনকে লিখিত জানিয়েছি, এবং ক্যান্টিন ও দোকান মালিকদেরকে সতর্ক করেছি।

সার্জেন্ট জহুরুল হক হলের ক্যান্টিনে পরিচালিত অভিযানের ব্যাপারে নবনির্বাচিত জিএস খালিদ হাসান বলেন, আমরা ক্যান্টিনের নানারকম অনিয়ম এবং অপরিচ্ছন্নতার বিষয়টি জানতে পেরে অভিযান চালায়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের ব্যাপারে লিখিত অভিযোগ এবং জরিমানা করি।

জরিমানা আদায়ের ব্যাপারে তিনি বলেন, আমরা নগদ কোন জরিমানা আদায় করিনি এটা হল প্রশাসনের উপর ছেড়ে দিয়েছি।

উল্লেখ্য যে, এই দুটি হল ছাড়াও ঢাবির আরো বেশ কয়েকটি হলে নির্বাচিত প্রতিনিধি কর্তৃক হলের ক্যান্টিন ও দোকানগুলোতে অভিযান পরিচালনা ও জরিমানা করার বিষয়ে জানা গেছে।

কোন নির্বাচিত প্রতিনিধিই জরিমানা আদায় এবং হল প্রশাসনের অনুমতি বা অবগত করা সাপেক্ষে এ উদ্যোগ নিয়েছেন কিনা তা পরিষ্কার করে বলেননি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন