সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুয়ার উদ্যোগে পাঁচ ই-কার চালু, ৫ টাকায় পুরো ক্যাম্পাস ঘুরতে পারবেন শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিয়মিতভাবে পাঁচটি ই-কার চলাচল শুরু
expand
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিয়মিতভাবে পাঁচটি ই-কার চলাচল শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে নিয়মিতভাবে পাঁচটি ই-কার চলাচল শুরু করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় নতুন সুবিধা যোগ করতে এ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা মাত্র ৫ টাকায় পুরো ক্যাম্পাসজুড়ে এই ই-কারে যাতায়াত করতে পারবেন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব আনুষ্ঠানিকভাবে ই-কার সেবার উদ্বোধন করেন।

রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান জানান, ই-কার সেবা চালু হওয়ায় শিক্ষার্থীদের চলাচল আরও সহজ হবে।

তিনি আরও বলেন, বর্তমানে পাঁচটি ই-কার দিয়ে সেবা শুরু হলেও ভবিষ্যতে সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিগগিরই বৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই রুয়া শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগে কাজ করছে। বিসিএস পরীক্ষার্থীদের সহযোগিতা থেকে শুরু করে ই–কার সেবার মতো আয়োজন-সবই তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফল, যা বিশ্ববিদ্যালয় কমিউনিটিকে উপকৃত করবে।

রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, পরিবহন সুবিধা বৃদ্ধি তাদের ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল। রুয়ার কাছে দাবি জানানোর পর তারা তা বাস্তবায়ন করেছে। ফলে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নেও রুয়ার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি বলেন।

সংশ্লিষ্টদের মতে, ই-কার সেবা চালু হওয়ায় রাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে নতুন স্বস্তি যোগ হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Austria
Scheduled
22 Jun, 11:00 PM
VS
World Cup