শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের মতবিনিময় সভা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:৪৯ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১২:০৫ এএম
মতবিনিময় সভায়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, গণমাধ্যমকর্মী ও হাইয়াতুল উলয়া কর্তৃপক্ষ। ছবি: এনপিবি
expand
মতবিনিময় সভায়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, গণমাধ্যমকর্মী ও হাইয়াতুল উলয়া কর্তৃপক্ষ। ছবি: এনপিবি

কওমি মাদরাসা শিক্ষা, এর বর্তমান পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে চা-চক্র ও মতবিনিময় সভা করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশক্রমে আয়োজিত সভায় সূচনা বক্তব্য দেন আল-হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মাহফুজুল হক।

সভায় আল-হাইআতুল উলয়ার সদস্য মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা) উপস্থিত ছিলেন। এছাড়া আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কওমি মাদরাসা শিক্ষার পরিচয়, বৈশিষ্ট্য ও স্বকীয়তা এবং আল-হাইআতুল উলয়া ও এর অধীন ছয়টি শিক্ষা বোর্ডের কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হয়। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আল-হাইআতুল উলয়ার অবস্থান তুলে ধরা হয়।

আল-হাইআতুল উলয়ার সদস্যরা বলেন, জাতি গঠন, সত্য প্রতিষ্ঠা ও জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কওমি মাদরাসা শিক্ষা-সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে তারা গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান এবং মতামত ও পরামর্শ দেন। তারা এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আয়োজনের জন্য আল-হাইআতুল উলয়াকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আল-হাইআতুল উলয়ার পক্ষ থেকে জানানো হয়, কওমি মাদ্রাসা শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে সঠিক ও যাচাইকৃত তথ্য দিয়ে গণমাধ্যমকে সহযোগিতা করতে তাদের দ্বার সব সময় উন্মুক্ত। আলেম সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় ও যোগাযোগের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরে সভায় অংশগ্রহণকারী আলেম সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সভায় অংশ নেন ঢাকা মেইল ডটকমের প্রধান বার্তা সম্পাদক জহির উদ্দীন বাবর, শীলন বাংলার সম্পাদক মাসউদুল কাদির, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট জয়েন্ট নিউজ এডিটর মুফতি আবদুল্লাহ তামীম, গ্লোবাল টেলিভিশনের সাব-এডিটর জামিল আহমদ, এশিয়া পোস্টের হেড অব ইসলাম রায়হান রাশেদ, দৈনিক নয়াদিগন্তের সাব-এডিটর বেলায়েত হোসাইন, দৈনিক কালবেলার হেড অব ইসলাম আবু তালহা রায়হান, আজকের পত্রিকার সাব-এডিটর কাউসার লাবীব, বাংলা পোস্টের সাব-এডিটর হাসান আল মাহমুদ, এনপিবির সাব-এডিটর জাওয়াদ আহমদ এবং ফেস দ্য পিপলের স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রইস।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank