শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়ার নেপথ্যে জড়িতদের নাম বললেন অধ্যক্ষ আজিজী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০১:২৫ পিএম
expand
বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন না হওয়ার নেপথ্যে জড়িতদের নাম বললেন অধ্যক্ষ আজিজী

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে টানা সাতদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

তারা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। তবে এতদিনেও সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষোভ বাড়ছে অংশগ্রহণকারীদের মধ্যে।

এই প্রেক্ষাপটে আন্দোলনকারীদের অন্যতম সংগঠক ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী দাবি করেছেন, সংশ্লিষ্ট প্রজ্ঞাপন আটকে রেখেছেন প্রশাসনের ভেতরের কিছু প্রভাবশালী কর্মকর্তা।

শনিবার (১৮ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সরাসরি চারজনের নাম উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন: ২০% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আটকে দিয়েছে সেলিম, জাকির, বাহাউদ্দীন ও মোমতাজিরা। আমাদের ন্যায্য অধিকারের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, সময় এসেছে এদের বর্জনের।

যদিও তিনি এদের পদবি বা দপ্তর প্রকাশ করেননি, তবে ধারণা করা হচ্ছে—তারা শিক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা।

শুধু সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ নয়, আন্দোলনকে আরও দৃঢ় করতে শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ‘কালো পতাকা মিছিল’-এর ডাক দিয়েছেন অধ্যক্ষ আজিজী।

তিনি তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, সবাই কালো পতাকা নিয়ে আসুন। ১২টা সময় কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। সবাই চলে আসুন।

শিক্ষকদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। একই ধরনের কাজ করলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণকৃত শিক্ষকদের তুলনায় কম সুবিধা পান। এই বেতন বৈষম্য ঘোচাতে এবং মানবিকভাবে বেঁচে থাকার জন্য ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তারা।

শিক্ষকরা জানিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে নয়, বরং লিখিত প্রজ্ঞাপন ছাড়া তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না। অনেকেই এখন অনশন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অবস্থানরত শিক্ষকদের অনেকেই দুর্বল হয়ে পড়লেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না বলে জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন