বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম শ্রেণির ভর্তি নিয়ে নতুন ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমেই প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

এর আগে গত মার্চে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনেকেই শিশুদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের সহায়তা নিতে শুরু করেন।

পরে অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে নামমাত্র পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও বিতর্ক থামেনি। শেষ পর্যন্ত আগের সিদ্ধান্ত থেকে সরে এসে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি ব্যবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, কোচিংনির্ভরতা কমানো এবং ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ২০১১ সালে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি চালু করা হয়।

চলতি বছরের ১৬ মার্চ ঘোষণা দেওয়া হয়েছিল, ২০২৭ সাল থেকে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারিভিত্তিক ভর্তি বাতিল করে নতুন ভর্তি ব্যবস্থা চালু করা হবে। তবে প্রায় সাড়ে চার মাস পর সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন