বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি-গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ৯ দফা সুপারিশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম
expand
জ্বালানি-গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ৯ দফা সুপারিশ

দেশের চলমান জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের টেকসই সমাধানে ৯ দফা সুপারিশ তুলে ধরেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতি।

বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক সংলাপে এসব সুপারিশ তুলে ধরা হয়।

নাগরিক সংলাপে বক্তারা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিজস্ব উৎপাদন বাড়ানো, বিদ্যুৎ খাতের কাঠামোগত সংস্কার এবং তেল-গ্যাস-কয়লা অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার আহ্বান জানান।

সংলাপে উপস্থাপিত ৯ দফা সুপারিশ হলো:

১. নিজস্ব উৎপাদনের ওপর জোর দিয়ে আগামী ১০ বছরের জন্য একটি বাস্তবমুখী ও টেকসই জ্বালানি নীতি প্রণয়ন।

২. বিদ্যুতের একক ক্রেতা পিডিবি মডেলের সংস্কার করে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সরাসরি শিল্প-কারখানায় বিদ্যুৎ বিক্রির সুযোগ দেওয়া।

৩. আওয়ামী লীগ আমলের সব কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাতিল করা।

৪. নিজস্ব তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধান ও উত্তোলনে জোর দেওয়ার পাশাপাশি পেট্রোবাংলার সক্ষমতা বৃদ্ধি করা।

৫. দ্রুত উত্তরবঙ্গের কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া এবং সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করা।

৬. সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর আধুনিকায়নের উদ্যোগ নেওয়া এবং পারমাণবিক বিদ্যুৎ গবেষণায় রাষ্ট্রীয় বরাদ্দ বাড়ানো।

৭. কর ও শুল্ক প্রণোদনার মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানো।

৮. সব অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং সিস্টেম লসের নামে চুরি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

৯. সিএনজি চালকদের অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা।

সংলাপে বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এসব সুপারিশকে গুরুত্ব দিয়ে দেশের জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটের টেকসই সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে নাগরিক সংলাপে বক্তব্য দেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, মজলুম পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. সোহরাব হোসেন, বাংলাদেশ ন্যায়বিচার পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ লিটন, দেশ দরদী পার্টি বাংলাদেশের সভাপতি কাজী মো. বোরহান উদ্দিন চিশতী, বিজিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মো. মনজুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মো. তিতুমীর চোকদার এবং বিজিএমএর মহিলা বিষয়ক সম্পাদিকা সলমা আক্তার লিজাসহ সংগঠনগুলোর নেতারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank