মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে শিশুসন্তানের সামনে ঝুলছিল মায়ের মরদেহ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানাধীন মধ্য বাড্ডা বাজার গলি এলাকার একটি বাসা থেকে সানজিদা বেগম (২৬) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘরে উপস্থিত ছিল তার পাঁচ বছরের শিশু সন্তান।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সানজিদা বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সন্ন্যাসী গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি পাঁচ বছরের মেয়েকে নিয়ে মধ্য বাড্ডা বাজার গলি এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারা আক্তার জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মধ্য বাড্ডা বাজার গলি এলাকার একটি বাসার নিচতলা থেকে সানজিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আগেও তার একটি বিয়ে হয়েছিল। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করে ওই স্বামীর সঙ্গেই ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্বামী ধানমন্ডিতে ব্যবসা করেন বলে জানা গেছে। সোমবার রাতের যেকোনো সময় ওই নারী সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় ঘরে উপস্থিত তার পাঁচ বছরের মেয়ে সামিরার সামনেই এই ঘটনা ঘটে।

এসআই আনোয়ারা আক্তার আরও জানান, ‘ওই নারীর বাবার সাথে কথা বলে জেনেছি, তার দ্বিতীয় বিয়ের বিষয়টি পরিবার জানত না। তার বর্তমান স্বামীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি বিস্তারিত তদন্ত করা হচ্ছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন