মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলিয়া মাদরাসার প্রবেশপথে পুলিশের ব্যারিকেড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:৪৯ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এর ফলে ওই সড়ক দিয়ে মাদরাসার দিকে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না। তবে মাদরাসা এলাকা থেকে যানবাহন বের হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর বকশীবাজার রোডে এই ব্যারিকেড বসানো হয়।

পুলিশের ব্যারিকেডের কারণে মাদরাসা-ই-আলিয়ার প্রবেশপথে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। তবে সড়কের বিপরীতমুখী চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ দুপুর সাড়ে ১২টায় সম্মিলিতভাবে মাদরাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দেন হলের ‘বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা’।

এতে বলা হয়, ‘গত ৪ আগস্ট যুবদল নেতা নয়নের নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকে সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হলের বৈধ শিক্ষার্থীরা একাধিকবার হলে ওঠার চেষ্টা করেও পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধার মুখে ব্যর্থ হয়েছেন।’

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ‘সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের হলে উঠতে বাধা দেওয়া হলেও হলকক্ষে থাকা শিক্ষার্থীদের ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ অর্থ, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, অ্যাকাডেমিক সার্টিফিকেট ও পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের হাত থেকে রক্ষা করতে পুলিশ ও মাদরাসা প্রশাসন ব্যর্থ হয়েছেন।’

এতে আরো দাবি করা হয়, ‘ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। অন্যদিকে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।’

এই পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থী, ছাত্রশিবির ও ঢাকা আলিয়া মাদরাসা শাখার নেতারা আজ দুপুর সাড়ে ১২টায় সব বাধা মোকাবিলা করে হলে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে হলের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন