

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দর্শনার্থীদের অতিরিক্ত উপস্থিতি তৈরি হওয়ায় একটি জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো বন্ধ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ভিসি চত্বরে স্থাপিত ওই স্ক্রিনটি বন্ধ করা হলেও ক্যাম্পাসের অন্য একটি স্থানে ছাত্রদলের উদ্যোগে স্থাপিত স্ক্রিনে খেলা প্রদর্শন চলেছে।
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, পরিচয়পত্রধারী বৈধ শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তবে ম্যাচ শুরু হওয়ার পর টিএসসি ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক বহিরাগত প্রবেশ করেন বলে জানা যায়।
এর ফলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে স্বাভাবিকের তুলনায় বেশি ভিড় তৈরি হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখা নিয়ে উদ্বেগ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ডাকসু কর্তৃপক্ষ তাদের আয়োজিত ভিসি চত্বরের জায়ান্ট স্ক্রিন বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
ডাকসুর প্রতিনিধিরা জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা, বিশেষ করে ছাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ায় সাময়িকভাবে স্ক্রিন বন্ধ করা হয়েছে।
অন্যদিকে, ক্যাম্পাসের আরেক স্থানে ছাত্রদলের ব্যবস্থাপনায় স্থাপিত ডিজিটাল স্ক্রিনে ফাইনাল ম্যাচ উপভোগ করতে জড়ো হন শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা। পুরো ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও উত্তেজনার মধ্যেই বিশ্বকাপের শেষ ম্যাচ দেখার আয়োজন অব্যাহত থাকে।