সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ‘তৌহিদী জনতার’ বাধায় ভেস্তে গেল বিশ্বকাপ ফাইনাল প্রদর্শন

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১২:৪৫ এএম
ছবি: প্রতিনিধি
expand
ছবি: প্রতিনিধি

যশোরে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার দাবিতে একদল মুসল্লির আপত্তির মুখে পুলিশ, আয়োজক ও উপস্থিত ব্যক্তিদের আলোচনার পর সেখানে ম্যাচ না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, চলতি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যশোর টাউন হল মাঠে বড় পর্দায় দেখার ব্যবস্থা করেছিল আয়োজকরা। তবে টাউন হল মাঠে বর্তমানে বৃক্ষমেলা চলমান থাকায় ফাইনাল ম্যাচটি শহরের ঈদগাহ মাঠে বড় পর্দায় প্রদর্শনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

রোববার রাত প্রায় ৯টার দিকে নিজেদের ‘তৌহিদী জনতা’ পরিচয় দেওয়া একদল মুসল্লি ঈদগাহ মাঠে জড়ো হন। তারা ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে সেখানে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রদর্শনের বিরোধিতা করেন। এ সময় তারা মানববন্ধনেরও প্রস্তুতি নেন।

পরিস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আয়োজক ও আপত্তিকারী মুসল্লিদের সঙ্গে আলোচনা করে। আলোচনার পর সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হয়, ঈদগাহ মাঠে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ প্রদর্শন করা হবে না।

সিদ্ধান্তের পর আয়োজকরা মাঠ থেকে বড় পর্দাসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন