

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। এই পরাজয়ের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে লিওনেল স্কালোনির দলকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
নিজের পোস্টে ডি মারিয়া লেখেন, একটি দেশ তোমাদের নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা, আবেগ ও লড়াই দেখিয়েছ, তাতে পুরো দেশ আবারও এক হয়ে গিয়েছিল।
তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি। কেউ কখনও তোমাদের কাছ থেকে সেই সম্মান কেড়ে নিতে পারবে না। তোমরাই আমাদের দেশের ইতিহাসের সেরা জাতীয় দল।
তিনি আরও লেখেন, টানা পাঁচটি ফাইনালে ওঠার কীর্তিও কেউ মুছে দিতে পারবে না। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি ভালোবাসি।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম নায়ক ছিলেন ডি মারিয়া। এই দলের হয়েই তিনি ২০২২ বিশ্বকাপ এবং টানা দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছেন। জাতীয় দল থেকে বিদায় নিলেও সাবেক সতীর্থদের প্রতি তার ভালোবাসা ও সমর্থন আবারও ফুটে উঠেছে এই বার্তায়।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে গুঞ্জন ছিল, গ্যালারিতে উপস্থিত থেকে আর্জেন্টিনাকে সমর্থন জানাবেন ডি মারিয়া। তবে ম্যাচের কয়েক দিন আগেই তিনি সেই সম্ভাবনা নাকচ করে দেন।
তিনি বলেছিলেন, আমি যাইনি, আর যাচ্ছিও না। আমি অপয়া হতে চাই না। আমি শান্তভাবে বাড়িতে বসেই ম্যাচ দেখব।
শেষ পর্যন্ত নিজের বাড়ি থেকেই ফাইনাল উপভোগ করেন ডি মারিয়া। পরাজয়ের হতাশা সত্ত্বেও ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক সতীর্থদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তিনি আর্জেন্টিনা দলের পাশে থাকার বার্তা দেন।
