

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেট্রোরেলের যাত্রীদের জন্য আসছে বড় সুখবর। আগামী ২০ অক্টোবর (রোববার) থেকে মেট্রোরেলের দৈনন্দিন চলাচলের সময় এক ঘণ্টা বৃদ্ধি পাচ্ছে।
ফলে সকালে আগেভাগে ট্রেন চলাচল শুরু হবে এবং রাতে আরও আধা ঘণ্টা বেশি চলবে।
এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (১৪ অক্টোবর) সংস্থাটির এক বৈঠকে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ধাপে ধাপে মেট্রোরেল সেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, “পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রথম ধাপে দিনে এক ঘণ্টা অতিরিক্ত সময় ট্রেন চালানোর ব্যবস্থা করা হচ্ছে। আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বাড়ানোরও প্রস্তুতি চলছে।”
নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা, আগে যেটা ছিল সকাল ৭টা ৩০ মিনিটে। রাতের শেষ ট্রেন এখন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে, নতুন সূচিতে এটি হবে রাত ১০টা ১০ মিনিটে।
শুক্রবারের সময়সূচিতেও পরিবর্তন আসছে। আগে শুক্রবার মেট্রোরেল চলত বেলা ৩টা থেকে, এখন তা বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে। রাতেও চলবে আধা ঘণ্টা বেশি।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, যাত্রীসেবার মান বাড়াতে আমরা ধাপে ধাপে সময় ও ট্রিপ সংখ্যা বাড়াচ্ছি। এরই অংশ হিসেবে রোববার থেকে দিনে এক ঘণ্টা বাড়তি সময় চালানো হবে। তবে ট্রিপ বাড়ানোর জন্য আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল চালাতে হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো যাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়মতো চলা একটি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাত্রীদের চাহিদার ভিত্তিতে আমরা সেবার পরিধি বাড়িয়ে চলেছি।
সূত্রে আরও জানা যায়, ১৫ নভেম্বরের মধ্যে বাড়তি ট্রিপ চালু হতে পারে। বর্তমানে একটি ট্রেন চালাতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। নতুন ট্রিপ যুক্ত হলে প্রতি ঘণ্টায় আরও বেশি ট্রেন চালানো সম্ভব হবে, ফলে যাত্রী চাপ কমবে।
এই সময়সূচি বাড়ানোর সিদ্ধান্তে খুশি অনেক যাত্রী। তারা বলছেন, সকালে অফিস ধরতে বা রাতে ফেরার সময় ট্রেন মিস করার ভয় ছিল। এখন সেই সমস্যা কিছুটা কমবে।
মন্তব্য করুন
