

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালের নারিন্দা মোড়-সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ ধসে পড়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল থেকে সোমবার (১৩ জুলাই) দুপুরের মধ্যে এ ঘটনা ঘটে। সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় সড়কের মাঝামাঝি অংশ হঠাৎ দেবে গিয়ে একটি বড় গর্তের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা এড়াতে ধসে যাওয়া স্থানটি ঘিরে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। পরে আইল্যান্ডঘেঁষা অংশের আরও কিছু অংশ ধসে পড়ে।
ঘটনার পর সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারকাজ শুরু করেন।
সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় এ ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা ওয়াসার ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে দীর্ঘদিন ধরে লিকেজ থাকায় মাটি ধীরে ধীরে ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়। একপর্যায়ে সেই অংশ ধসে পড়ে।
তিনি আরও জানান, মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো সংস্কারকাজ সম্পন্ন করে সড়কটি সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে।
উল্লেখ্য, জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখে অপর পাশে সংস্কারকাজ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে ডিএসসিসি।