

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র জাতীয় চিড়িয়াখানায় ঈদুল আজহার ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত গোলাপি রঙের বিরল মহিষটিকে ঘিরেই ছিল সবার বাড়তি আগ্রহ।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে কোরবানির পশু নিয়ে ব্যস্ত সময় কাটালেও দুপুরের পর পরিবার-পরিজন নিয়ে অনেকেই ছুটে যান বিনোদনকেন্দ্রগুলোতে। এর মধ্যে জাতীয় চিড়িয়াখানায়ও ছিল দর্শনার্থীদের ভিড়।
সরেজমিনে দেখা যায়, ঈদের দিনে চিড়িয়াখানা তুলনামূলক ফাঁকা থাকলেও যারা এসেছেন, তারা প্রায় সবাই একবার হলেও ‘এল-০৭’ খাঁচার সামনে গিয়ে গোলাপি মহিষটিকে দেখছেন। ফলে অন্য খাঁচাগুলোর সামনে ভিড় কম থাকলেও এই মহিষের খাঁচার সামনে ছিল মানুষের জটলা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাঁচার সামনে ঝুলিয়ে দিয়েছে একটি পরিচিতি বোর্ড, যেখানে লেখা রয়েছে ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’।
চিড়িয়াখানার কিউরেটর জানান, মহিষটিকে পরিবহনের সময় শরীরে সামান্য আঁচড় লাগে, তবে তা গুরুতর নয় এবং চিকিৎসা দেওয়া হয়েছে।
এই মহিষটি আগে নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার রাবেয়া অ্যাগ্রো ফার্মে লালন-পালন করা হচ্ছিল। এর অস্বাভাবিক ঢেউখেলানো চুলের কারণে জিয়াউদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্টের নামানুসারে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। বিষয়টি গণমাধ্যমে আসার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে মহিষটি বিক্রি করা হয় কেরানীগঞ্জের জিনজিরার মনিরুজ্জামানের কাছে। কোরবানির ঈদকে সামনে রেখে গত সোমবার এটি খামার থেকে তার বাড়িতে আনা হয় জাঁকজমক আয়োজনের মাধ্যমে।
তবে ঈদের আগের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে পুলিশ মহিষটিকে মনিরুজ্জামানের বাড়ি থেকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসে। এরপর থেকেই আলোচিত এই মহিষটি এখন দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
