

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইজারা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পশুর হাট বসানোর প্রস্তুতি শুরু করেছেন ইজারাদাররা। এতে খেলার মাঠ ও সড়ক দখলের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, আগেভাগেই মাঠ দখল করায় শিশু-কিশোররা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। যদিও উপজেলা প্রশাসনের দাবি, শর্ত ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আমবাগিচা খেলার মাঠে ইতোমধ্যেই গরুর হাট বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিবছরের মতো এবারও মাঠটি পশুর হাটের জন্য নির্ধারণ করা হলেও এখনো আনুষ্ঠানিকভাবে ইজারা চুক্তি সম্পন্ন হয়নি। তবে এর আগেই মাঠে বাঁশ, টিন ও অস্থায়ী স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা।
একই চিত্র দেখা গেছে রোহিতপুর নতুন সোনাকান্দা ও শাক্তা মিলিনিয়াম সিটি খেলার মাঠ এলাকাতেও। স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক আগেই হাট প্রস্তুতির কাজ শুরু হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার কেরানীগঞ্জে মোট ১০টি পশুর হাট বসবে। এর মধ্যে ৮টিই অস্থায়ী। সংশ্লিষ্টদের মতে, হাট বসানোর অন্তত ১২ দিন আগে প্রস্তুতি শুরু করা ইজারার শর্তের পরিপন্থী।
নগরপরিকল্পনাবিদ ড. আদিল মোহাম্মদ খান বলেন, খেলার মাঠের সংকটের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে। এরপরও কোরবানির হাটের জন্য মাঠ ব্যবহারের প্রবণতা কমছে না। নির্ধারিত সময়ের আগেই মাঠ দখল করে প্রস্তুতি নেওয়ায় শিশু-কিশোররা খেলাধুলার সুযোগ হারাচ্ছে।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসক মো. উমর ফারুক বলেন, ইজারার ক্ষেত্রে কয়েকটি শর্ত থাকবে। তিনদিনের বেশি হাট বসানো যাবে না, যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না এবং হাটের বর্জ্য নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। নির্ধারিত সময়ের আগে কোথাও হাট বসতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। নির্ধারিত সীমানার বাইরে বা সময়ের আগে কেউ হাটের কার্যক্রম শুরু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয়দের অভিযোগ, অতীতে শর্ত ভঙ্গের ঘটনায় কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অনিয়মই এখন নিয়মে পরিণত হয়েছে।