সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের কালি না মুছতেই উন্নয়ন কাজ শুরু: আমানউল্লাহ আমান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:৪৬ পিএম
খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান
expand
খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান

ভোটের কালি এখনো মুছেনি, এরই মধ্যে উন্নয়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। দীর্ঘ ১৭ বছর পর মানুষ গ্যাস, পানি ও বিভিন্ন নাগরিক সুবিধা পাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।

সোমবার (১৬ মার্চ) সকালে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার খাড়াকান্দি এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় তার পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও খাল খনন কার্যক্রম শুরু করেছেন। হাতে ভোটের কালি এখনো মুছেনি, এর আগেই উন্নয়ন কাজ শুরু হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঢাকা জেলায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাভারের তেতুলঝোড়া বুথে কিছু সময় ভোটগ্রহণ বন্ধ থাকলেও পরে জেলা প্রশাসক সেখানে গিয়ে পুনরায় ভোটগ্রহণ চালু করেন। আগে দিনের ভোট রাতে হতো, তখন দেশের অবস্থা ভালো ছিল না; এখন পরিস্থিতি বদলেছে।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন রাজপথের আন্দোলনের মাধ্যমেই ফয়সালা হয়েছিল। একইভাবে ২০২৪ সালের জুলাই আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ ও কেরানীগঞ্জের রিয়াজ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম, ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন