সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ দিনে ঢাকায় ৫২৮ ফ্লাইট বাতিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:২২ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ।। ছবি: সংগৃহীত
expand
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ।। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। ৪ মার্চ বাতিল হয় ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট।

পরবর্তী দিনগুলোতেও বাতিলের ধারা অব্যাহত থাকে। ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতেও ফ্লাইট বাতিলের ঘটনা ঘটে। এদিন কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে সেদিন বাতিল হয় ২৮টি ফ্লাইট।

টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মধ্যপ্রাচ্যগামী শ্রমিক ও প্রবাসীরা। অনেক যাত্রী অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কেউ কেউ আবার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট পরিচালনা দ্রুত স্বাভাবিক হওয়া কঠিন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন